নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ সস্তাপুর এলাকার বালুর মাঠসংলগ্ন ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের পর র্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ দল ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ওই এলাকার একটি ঝোপে তল্লাশি চালানো হলে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ আরও জানায়, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

