নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াই প্যাথলজি পরীক্ষা করার অভিযোগে একটি হাসপাতালের এক কর্মীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে
রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর ও জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নয়াপুর জেনারেল হাসপাতাল ও আল সিফা হসপিটালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতাল দুটিতে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্রের ঘাটতি, সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে—এমন কার্যক্রম পরিচালনা এবং সেবার মূল্য ইচ্ছামতো নির্ধারণের প্রমাণও পাওয়া যায়।
এ ছাড়া প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান না থাকলেও নিয়মিত কর্মচারীদের দিয়ে প্যাথলজি পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার বিষয়টি অভিযানে ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে আল সিফা হসপিটালকে ২ লাখ টাকা এবং নয়াপুর জেনারেল হাসপাতালকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আল সিফা হসপিটালের এক কর্মী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও প্যাথলজি পরীক্ষা করছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সোনারগাঁয়ের অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোস্তাফিজুর রহমান দিগন্তসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

