নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে মো. পনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ বোতল স্কাফ, এক বোতল উইনসিরেক্স সিরাপ, মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ফোরস্টার ডক সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পূর্বগ্রাম এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় একটি কালো স্কুলব্যাগ নিয়ে থাকা পনির হোসেনকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ ও এক বোতল উইনসিরেক্স সিরাপ পাওয়া যায়।
এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
অভিযানে রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আলিমুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ওসি এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতার পনির হোসেন ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় পনির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
মাদকদ্রব্যের বিস্তার রোধে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানিয়েছে পুলিশ।

