আলোচিত বুলবুল হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
সাক্ষাৎ শেষে নিহতদের কবর জিয়ারত করেন মুফতি ফয়জুল করিম। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
পরে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ব্যক্তিগতভাবে ২ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি নুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিবারের সদস্যরা বলেন, স্বজনকে হারিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

