বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ।
সাক্ষাৎকালে দেশের নৌপথের নাব্যতা সংরক্ষণ, নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পকারখানার কাঁচামাল পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় মোহাম্মদ সোহাগ বলেন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রমকে আরও গতিশীল করতে নৌপথের কার্যকর ব্যবস্থাপনা ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। নৌপথ সচল ও নাব্যতা বজায় থাকলে শিল্পকারখানায় কাঁচামাল পরিবহন সহজ হওয়ার পাশাপাশি পরিবহন ব্যয়ও কমানো সম্ভব হবে।
সাক্ষাতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম নৌপথের উন্নয়ন ও নাব্যতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও তিনি আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ) উপস্থিত ছিলেন।

