প্রাথমিক শিক্ষার ভিত শক্তিশালী করতে পারলে নারায়ণগঞ্জের গ্রামাঞ্চল থেকেও ভবিষ্যতে এসপি, ডিসি কিংবা সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার মতো যোগ্য নেতৃত্ব তৈরি হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে অনেকেই বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিবসহ উচ্চপদে দায়িত্ব পালন করছেন। তাই ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই।
শনিবার (২২ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
সভায় সোনারগাঁয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান বৃদ্ধি, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষকদের দায়িত্বশীলতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
শিক্ষকদের উদ্দেশে আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান এবার থেকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কত নম্বর পেল, কোন বিদ্যালয়ের ফলাফল ভালো হলো বা খারাপ হলো এবং কতজন শিক্ষার্থী বৃত্তি পেল—এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হবে।
তিনি বলেন, সোনারগাঁয়ে মোট ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়ের মধ্যে শিক্ষার মান ও ফলাফলের ক্ষেত্রে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে হবে। প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যালয়গুলো আরও ভালো ফলাফল অর্জনের দিকে এগিয়ে যাবে।
শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পড়ানোর আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, শিক্ষকরা যদি শিক্ষার্থীদের নিজের ছেলে-মেয়ের মতো মনে করে আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন, তাহলে আগামী প্রজন্মকে শিক্ষিত ও যোগ্য করে গড়ে তোলা সম্ভব। জোরজবরদস্তি বা কঠোর আচরণ করে শিশুদের শেখানো যায় না। একজন শিক্ষককে নিজের দায়িত্ববোধ থেকেই শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে হবে।
তিনি আরও বলেন, আপনারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার চেষ্টা করলে আপনাদের প্রতিও আমার বিশেষ সুদৃষ্টি থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবকদের আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরে শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা শিক্ষক ও বিভাগীয় পর্যায়ে সেরা শিক্ষকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

