নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিক্ষক জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, মজিবুর রহমান, মাজেদুল ইসলাম, আব্দুল মাজেদ, মিরাজ হোসেন, অভিভাবক নায়েব আলী, সাইফুল ইসলাম, আবুল কাশেমসহ শিক্ষক ও অভিভাবকরা।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষকদের নিয়মিত ও শতভাগ মনোযোগ দিয়ে পাঠদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জরুরি।
সভায় আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীকে উত্তীর্ণ করার পাশাপাশি জিপিএ-৫ এর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এখন থেকেই সমন্বিতভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

