নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ফারুক মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১০ আগস্ট) ভোররাত সাড়ে ১২টার দিকে উপজেলার তারাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, তারাবো বাজার এলাকার একটি পাকা সড়কে অভিযান চালিয়ে ফারুক মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফারুক মিয়া কুমিল্লার বরুড়া উপজেলার বড় মহেশপুর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। তিনি বর্তমানে রূপগঞ্জের তারাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

