নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গোডাউনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গোডাউনে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ফতুল্লার কুতুবাইল এলাকার ‘প্যারাডাইস কেবলস লিমিটেড’-এর দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গোডাউন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে ওই গোডাউন থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে গোডাউনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
এদিকে, মরদেহ উদ্ধারের সময় ওই বন্ধ গোডাউনে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে পারভেজ (২৫) ও পিয়াস (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটক পারভেজের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার চিনারকান্দী এলাকায়। অপর আটক পিয়াসের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার খরমা নতুনবাজার এলাকায়।
তবে আটক দুজনের সঙ্গে মরদেহ উদ্ধারের ঘটনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

