নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশাচালক আবু জুম্মান সজীব (২৮)-এর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা।
শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সজীবের মৃত্যু আত্মহত্যা নয়; এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত চার্জশিট দাখিল এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
নিহতের মা সেলিনা বেগম জানান, পারিবারিক বিরোধের জেরে তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে নির্যাতনের শিকার ছিলেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন সজীবকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
নিহতের চাচা নজরুল ইসলাম বলেন, “সজীব অত্যন্ত সহজ-সরল ও শান্ত স্বভাবের ছেলে ছিল। সে কখনো আত্মহত্যা করতে পারে না। আমরা এই ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত বিচার চাই।”
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তে যে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তার ভিত্তিতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

