নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে কলঙ্কিত করা এবং শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাবেক নেতা ও বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজীব।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তাকে কলঙ্কিত করার অপপ্রয়াস দীর্ঘদিন ধরে চলছে। বিশেষ করে গত কিছুদিন ধরে শিক্ষাঙ্গনগুলোতে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করা হচ্ছে। বিএনপি এবং ছাত্রদল কখনোই এই ধরনের ধ্বংসাত্মক ও সহিংশ রাজনীতি সমর্থন করে না।
মাসুকুল ইসলাম রাজীব স্পষ্ট করে বলেন, “বিগত ছয় মাসের মধ্যে সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদলের কোনো নেতাকর্মী অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সাথে যুক্ত ছিল না। ছাত্রদলকে সবসময় শান্ত ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো সবসময় ‘পায়ে পা দিয়ে ঝগড়া’ করার মনোভাব পোষণ করছে।”
ছাত্রদলের এক নেতা মারাত্মকভাবে আহত ও মুমূর্ষু অবস্থায় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ওপর ক্রমাগত আঘাত আসা সত্ত্বেও এবং দলের নেতাকর্মীরা মুমূর্ষু অবস্থায় থাকা সত্ত্বেও আমরা ধৈর্য ধারণ করে আছি। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। বিএনপির রাজনীতি হলো সহমর্মিতা ও শান্তির রাজনীতি।”
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাঙ্গনের পবিত্রতা ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করার সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের ধৈর্য ধরে শিক্ষাঙ্গনের পরিবেশ বজায় রাখার নির্দেশ দেন এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক পথ পরিহার করে নিজেদের শুধরে নেওয়ার আহ্বান জানান। তা না হলে দেশের মানুষ এর উপযুক্ত জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

