দেশের ব্যবসায়ী ও শিল্প মালিকদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)-এর সাবেক সভাপতি মো. ফজলুল হক।
রোববার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে তাকে আগামী ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইর নির্বাচন আয়োজন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, এফবিসিসিআইর কার্যক্রম ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’, ‘বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫’, ‘কোম্পানি আইন, ১৯৯৪’ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হবে। সংগঠনের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের শিল্প-বাণিজ্যের স্বার্থে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সরকার মো. ফজলুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
ফজলুল হক দেশের রপ্তানিমুখী নিটওয়্যার শিল্পের পরিচিত উদ্যোক্তা। তিনি বিকেএমইএর সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে তৈরি পোশাক ও বস্ত্রখাতের বিভিন্ন নীতিনির্ধারণী কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
এর আগে এফবিসিসিআইর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। গত ২৭ জুন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে প্রশাসকের পদটি শূন্য হয়। এরপর নতুন প্রশাসক হিসেবে মো. ফজলুল হককে নিয়োগ দেওয়া হলো।

