নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং) সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে জালকুড়ি এলাকার ডাম্পিং-সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করলেও সফল হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

