নারায়ণগঞ্জের টেকসই ও আধুনিক উন্নয়নে ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের উদ্যোগ নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং সমন্বিত পরিকল্পনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, সম্মিলিতভাবে উন্নয়নের দাবি ও পরিকল্পনা উপস্থাপন করা গেলে একটি বাসযোগ্য ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নারায়ণগঞ্জের উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়েছেন। ব্যক্তিগত স্বার্থ নয়, বরং একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত নগর গঠনের লক্ষ্য নিয়েই এ ধরনের আলোচনা হওয়া উচিত।
তিনি বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভাবতে হবে—কেমন নারায়ণগঞ্জ তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চান। একটি উন্নত শহর গড়তে আধুনিক নগর ব্যবস্থাপনা, উন্নত নাগরিক সেবা এবং সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই।
জেলা পরিষদের প্রশাসক বলেন, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে জেলা পরিষদের মাধ্যমে সীমিত পরিসরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের সুযোগ রয়েছে। অন্যদিকে বৃহৎ অবকাঠামোগত ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, জনগণের যৌক্তিক ও সম্মিলিত দাবি জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরা গেলে তা বাস্তবায়নের পথ আরও সহজ হবে। জেলা পরিষদও তার সক্ষমতার মধ্যে থেকে নারায়ণগঞ্জের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে কাজ করে যাবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত সুধীজনের কাছে উন্নয়নসংক্রান্ত গঠনমূলক প্রস্তাব আহ্বান করেন এবং ভবিষ্যৎ নারায়ণগঞ্জ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরাও নগরীর যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নদী রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

