নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া দারুণ উলুম মাদ্রাসায় শিক্ষক ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি হারুন অর রশিদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মাদ্রাসার প্রিন্সিপাল আবু তাহের জিহাদী, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ খোকনসহ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিকে মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (৫ জুলাই) দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরা সেখানে প্রবেশ করলে মুফতি হারুনের সমর্থক ছাত্র ও স্থানীয়দের একটি অংশ তাদের ঘিরে ফেলে। পরে প্রিন্সিপাল, সাধারণ সম্পাদক এবং কমিটির কয়েকজন সদস্যকে মাদ্রাসা থেকে বের হতে দেওয়া হয়নি বলে জানা গেছে।
উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিকেলে মাদ্রাসায় ছুটে যান বিএনপির নেতা জাকির খান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফেরদৌস এবং মুফতি হারুন অর রশিদ। তারা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য শাহ আব্দুল হালিম অভিযোগ করে বলেন, মুফতি হারুন অর রশিদকে অব্যাহতির সিদ্ধান্ত ঘোষণার পর তার অনুসারীরা ছাত্রদের মধ্যে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। একপর্যায়ে তারা প্রিন্সিপাল, সাধারণ সম্পাদক ও কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে ঘটনাস্থলে সদর মডেল থানা পুলিশ এবং র্যাবের সদস্যরা পৌঁছায়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরুদ্ধ ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, দ্রুত পরিস্থিতির সমাধান না হলে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের একাধিক সূত্র জানায়, সম্প্রতি মাদ্রাসায় ইসলামী ছাত্র শিবিরের একটি কমিটি গঠনের গুঞ্জনকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। এ সময় একটি পক্ষকে সমর্থন দেওয়া এবং ছাত্রদের উস্কে দেওয়ার অভিযোগ ওঠে মুফতি হারুন অর রশিদের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে মাদ্রাসার ছাত্র, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে পক্ষে-বিপক্ষে অবস্থান তৈরি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলতে থাকে।
উল্লেখ্য, মুফতি হারুন অর রশিদ জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মাদ্রাসায় সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

