নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেছেন, খাল পরিষ্কার করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আগামীতে তার সুফল ভোগ করতে পারবেন। খাল পরিষ্কারের ফলে খালে মশা, মাছি ও রোগজীবাণু ছড়াবে না। খাল পরিষ্কার না থাকলে আপনাদের মাঝে রোগজীবাণু ছড়াবে। তাই খাল পরিষ্কার রাখার বিষয়ে সবাই সহযোগিতা করবেন এবং ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে কি না, এ বিষয় আমাকে জানাবেন।
বুধবার (১ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি লিংক রোড হতে দশপাইপ পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমাদের সমাজকে আমাদেরকেই ভালো রাখতে হবে। সমাজকে ভালো রাখতে হলে আগে আমার পরিবারকে ভালো রাখতে হবে। পরিবারের সন্তানরা কোনো মাদকের সঙ্গে, কোনো মাদক ব্যবসায়ী বা কোনো চাঁদাবাজের সঙ্গে জড়ায় কি না, সে বিষয় খেয়াল রাখতে হবে। সমাজে আপনাদের অনেক দায়িত্ব আছে।
তিনি বলেন, আমরা যেন এই সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারি, সে জন্য মাননীয় প্রধান উপদেষ্টা তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যেসব রাস্তা-ঘাট রয়েছে, আগামী ছয় মাসের মধ্যে ভাঙা রাস্তা-ঘাট দ্রুত সংস্কার করা হবে। ইতোমধ্যে অনেক রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো রাস্তা বাদ থাকলে তাও সংস্কার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নূরান নাহার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সাবেক সদস্য জাকির হোসেন, হারুন মাস্টার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্টু, আব্দুল কাদির, জয়নাল, লোকমান হোসেন, নিশাত, জোবায়ের ও ইমতিয়াজসহ আরও অনেকে।

