নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সিটি পার্কের প্রায় ৩২ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এ সময় পার্কের প্রধান ফটকেও সিলগালা করা হয়। তবে কয়েক ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেয় কর্তৃপক্ষ।
রোববার (২৮ জুন) বিকেলে ডিপিডিসির একটি দল পার্কে গিয়ে বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং প্রধান ফটকে সিলগালা করে দেয়। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ফটক সিলগালার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে সন্ধ্যার দিকে ডিপিডিসির কর্মীরা আবার পার্কে গিয়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে দেন।
কী কারণে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে, সে বিষয়ে ডিপিডিসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত সিটি পার্কের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত বকেয়া সমস্যা সমাধান এবং পার্কটির সার্বিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, দেওভোগ সিটি পার্ক দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসীর বিনোদন, অবকাশযাপন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

