কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) নারায়ণগঞ্জজুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনভর পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর টহল অব্যাহত থাকলেও আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো প্রকাশ্য কর্মসূচি, মিছিল-সমাবেশ বা নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি।
সকাল থেকেই শহরের চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, বঙ্গবন্ধু সড়ক, নিতাইগঞ্জ, খানপুর, মণ্ডলপাড়া, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। বিভিন্ন পয়েন্টে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই কার্যক্রমও পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আগেই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এর অংশ হিসেবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে মাঠে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলা এবং নাশকতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪২ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। একই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার রাজনৈতিক মহলে আলোচিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কাউকেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে দেখা যায়নি। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাবেক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাইসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ অধিকাংশ শীর্ষ নেতা প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নেননি।
সূত্রগুলো আরও জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন মামলা এবং প্রশাসনের কঠোর অবস্থানের কারণে দলের অনেক নেতা বর্তমানে রাজনৈতিকভাবে নীরব অবস্থানে রয়েছেন। কেউ কেউ আত্মগোপনে রয়েছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, আবার কেউ নিজ নিজ বাসভবনে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দিনভর শহরের কোথাও আওয়ামী লীগের ব্যানার, ফেস্টুন, মিছিল বা সমাবেশ দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা ও পুরোনো ছবি পোস্ট করেছেন বলে জানা গেছে। তবে প্রকাশ্যে কোনো কর্মসূচির তথ্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের সচেতন মহলের মতে, জেলার বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং প্রশাসনের কঠোর নজরদারির কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন থেকে বিরত থেকেছেন।
জেলা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণে আমাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে।”
সন্ধ্যা পর্যন্ত জেলার কোথাও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা আরও কিছুদিন জোরদার রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

