নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৪২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. নাজিম উদ্দিন উজ্জল (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের দাবি, ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়ে সংগঠনকে পুনরায় সক্রিয় করা এবং সরকারবিরোধী কর্মসূচির পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত অন্যরা দ্রুত সটকে পড়েন।
মামলার এজাহারে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, তাতী লীগের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ৪২ জন নেতা-কর্মী ও সমর্থকের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সংগঠনকে পুনরুজ্জীবিত করার চেষ্টা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

