নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে ডিবি পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি কাপড় ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে তল্লাশির নামে ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী দাবি করেছেন, পূর্ব বিরোধের জেরে একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে তার পরিবারকে হয়রানি করার চেষ্টা করেছে।
ঘটনাটি সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার বুরুমদী গ্রামে ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী রিয়াদ কবির মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে রিয়াদ কবিরের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়িতে মাদকদ্রব্য রয়েছে দাবি করে বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। তল্লাশির নামে ঘরের আসবাবপত্র এলোমেলো ও ক্ষতিগ্রস্ত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
রিয়াদ কবিরের দাবি, অভিযানের একপর্যায়ে তার কাছ থেকে নগদ প্রায় ৪ লাখ টাকা নিয়ে যায় অভিযুক্তরা। পাশাপাশি মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর বাড়ির আঙিনা থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরিচয়পত্রটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সদস্যের নাম ও পরিচয় উল্লেখ ছিল বলে অভিযোগে বলা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এদিকে, পরিচয়পত্র উদ্ধারের পর সেটি ফেরত দিতে চাপ ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে যাঁর পরিচয়ে ফোন করার অভিযোগ উঠেছে, তিনি এমন কোনো ফোনকল করার বিষয়টি অস্বীকার করেছেন।
রিয়াদ কবির বলেন, “এটি পরিকল্পিতভাবে আমাকে ও আমার পরিবারকে হয়রানির চেষ্টা। তল্লাশির নামে বাড়িঘর তছনছ করা হয়েছে এবং নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”
অভিযোগে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হলেও তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। অভিযুক্তদের একজন বলেন, ঘটনার সময় তিনি এলাকায়ই ছিলেন না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র বলছে, ঘটনাটি ডিবি পুলিশের নামে সংঘটিত কোনো প্রতারণা, নাকি প্রকৃত কোনো অভিযানের আড়ালে অনিয়ম—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।

