নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব। সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্রধারী অপরাধী, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ১৮ জুন ২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইলিয়াস হোসেন ওরফে জয় (২৭) কে গ্রেপ্তার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত ইলিয়াস হোসেন ওরফে জয় নরসিংদী জেলার রায়পুরা থানার গোবিন্দনগর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি এলাকায় বসবাস করতেন।
র্যাব জানায়, ২০১৯ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পরে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তার অবস্থান নিশ্চিত করে। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

