বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করতে দেশীয় প্রযুক্তিতে ৫টি আধুনিক রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে ‘কিল-লেয়িং’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি বলেন, দেশের উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই ৫টি অত্যাধুনিক রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে ভেসেলগুলো নির্মাণ ও হস্তান্তর সম্পন্ন হলে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে কোস্টগার্ডের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় নির্মিত এসব ভেসেলে অত্যাধুনিক নেভিগেশন ও নজরদারি ব্যবস্থা সংযুক্ত থাকবে। দ্রুতগতিসম্পন্ন এসব নৌযান নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি উদ্ধার অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে।

