ঢাকা: কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পখাতের সম্প্রসারণ এবং বেসরকারি বিনিয়োগে গতি আনতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী জানান, কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, সিএমএসএমই খাত এবং রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ‘প্রণোদনা তহবিল-২০২৬’ গঠন করা হয়েছে। এ তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা রিফাইন্যান্সিং সুবিধা হিসেবে এবং ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে সংস্থান করা হবে।
তহবিলের আওতায় বিভিন্ন খাতে পাঁচটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু ও সেবা খাতের উন্নয়নে ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আরও ৩ হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, উদ্যোক্তাদের চলতি মূলধন জোগান ও উৎপাদন সম্প্রসারণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে এই স্কিমের আওতায় নেওয়া ঋণের কার্যকর সুদের হার বাজারভিত্তিক সুদের তুলনায় অর্ধেকেরও কম হবে। এতে শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, নতুন বিনিয়োগ উৎসাহিত করা এবং উৎপাদনশীল খাতের বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।
অর্থমন্ত্রী আরও বলেন, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

