ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৯০০)-এর মহাসচিব আহম্মদ ফজলে রাব্বির বিরুদ্ধে অপপ্রচার ও সুনাম ক্ষুণ্নের চেষ্টার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি পালন করেছেন বিটিসিএল কর্মচারীরা।
সংগঠনের নেতাকর্মীদের দাবি, কর্মচারীদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন কর্মচারীবান্ধব নেতা আহম্মদ ফজলে রাব্বি। কিন্তু কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রতিবাদ ও দাবি উত্থাপনের কারণে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তাদের অভিযোগ, ক্ষমতালোভী কিছু ব্যক্তি এবং ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল বিভিন্নভাবে অপতৎপরতায় লিপ্ত হয়ে মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। একই সঙ্গে বিটিসিএলের কর্মচারীদের ন্যায্য দাবির বিরুদ্ধেও এখনও কিছু কর্মকর্তা অবস্থান নিয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তারা।
এ অবস্থায় আহম্মদ ফজলে রাব্বির বিরুদ্ধে পরিচালিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গত ৭ ও ৮ জুন ২০২৬ তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিটিসিএলের প্রত্যেক আঞ্চলিক স্থাপনায় কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তারা এসব অপচেষ্টা বন্ধ করে কর্মচারীদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, কর্মচারীদের স্বার্থ রক্ষায় যে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং শ্রমিক-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

