ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
২১ মে ২০২৬ তারিখে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ওসমান গনি তার ব্যবসা পরিচালনার সময় দীর্ঘদিন ধরে একদল সন্ত্রাসীর চাঁদাবাজির শিকার হচ্ছিলেন। সন্ত্রাসীরা বারবার চাঁদা দাবি করলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
তিনি বলেন, “এই মর্মান্তিক হত্যাকাণ্ড আমাদের সবাইকে ব্যথিত করেছে। প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিহত ওসমান গনির পরিবার ন্যায়বিচার পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতির শেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে নিহত ওসমান গনির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

