ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব-১১। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন— বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) এবং তানভীর মাহতাব (৩৩)।
জানা গেছে, আটক সাতজনের মধ্যে চারজনকে ১০ দিনের এবং বাকি তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
অভিযান চলাকালে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র্যাব ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

