ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, জলাবদ্ধতা দূর করতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে জনসাধারণকেও সচেতন হতে হবে। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। বিশেষ করে শিল্পবর্জ্য যাতে খাল-নদীতে না পড়ে, সে বিষয়ে মালিকদের সচেতন থাকতে হবে।
মামুন মাহমুদ জানান, বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং তারেক রহমানের দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বারী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, দ্রুত কাজ শেষ হলে ফতুল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং বর্ষা মৌসুমে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।

