ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজিত আলোচনা সভায় শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যঝুঁকি নিরসন এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে নগরীর কালিরবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে চাষাঢ়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “আমরা সবাই শ্রমিক। তবে সমাজে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ নামে একটি বিভাজন রয়েছে। এই দুই পক্ষের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিলেই বিরোধ ও অশান্তি তৈরি হয়।”
তিনি বলেন, দেশের নির্মাণশ্রমিকরা দেশ-বিদেশে নানা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকেন। অনেক শিল্পকারখানায় এখনো স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। দূষিত পরিবেশ ও অস্বাস্থ্যকর বাতাস শ্রমিকদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “শ্রমিকদের উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। তারা কোনো যন্ত্র নয়, যারা শুধু কাজ করবে আর ফিরে যাবে। উন্নয়নের ধারায় তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তাই তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
জেলা প্রশাসক বলেন, শ্রমিকরা যদি সুশিক্ষিত, দক্ষ ও সুস্থ শরীরে কাজ করতে পারেন, তাহলে তাদের আয় বাড়বে, উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। এ জন্য শ্রমিকদের সুস্থতা, দক্ষতা ও জ্ঞান অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক আফিফা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক নেতারা।

