ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা। আগামী ১ মে (শুক্রবার) সকাল ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন।
সমাবেশে মে দিবসের ইতিহাস, তাৎপর্য এবং শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামের বিষয় তুলে ধরা হবে। একই সঙ্গে স্বাধীনতার পরও দেশের শ্রমিকরা কেন ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত—সেসব বিষয়ও আলোচনায় আসবে।
সমাবেশ থেকে শ্রমিকদের বিভিন্ন দাবি উত্থাপন করা হবে। দাবির মধ্যে রয়েছে—জাতীয় ন্যূনতম মজুরি কমপক্ষে ৩০ হাজার টাকা নির্ধারণ, কম মজুরি ও বৈষম্যের অবসান, আট ঘণ্টা কর্মদিবসের পূর্ণ বাস্তবায়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং বার্ধক্যে সামাজিক নিরাপত্তা প্রদান।
এছাড়া প্রবাসীসহ সব শ্রমিকের সুরক্ষা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, শ্রম আইনের শ্রমিকবিরোধী ধারা বাতিল, তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন, চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানানো হবে।
আরও রয়েছে—পূর্ণ বেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, শ্রমিক ছাঁটাই, নির্যাতন, দমন-পীড়ন ও ব্ল্যাকলিস্ট প্রথা বন্ধ, বন্ধ কারখানা চালু ও বকেয়া পরিশোধ, গার্মেন্টস খাতে মানবিক মজুরি নির্ধারণ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকদের লাইসেন্স প্রদান, হকারদের পুনর্বাসন এবং বিভিন্ন খাতের শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে শ্রমিক, পেশাজীবী, ছাত্র-যুবকসহ সর্বস্তরের জনগণকে মে দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

