ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের চার দিন পর এক স্কুলছাত্রীকে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাইদুল হককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হয় ওই ছাত্রী। এ ঘটনায় তার মা সাবিনা বেগম রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার হাতেম আলীর ছেলে জাইদুল হক দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে মেয়েটিকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি তার পরিবারকে জানানো হলে ক্ষুব্ধ হয়ে সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে তাকে তুলে নিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের মোবাইল নম্বর ট্র্যাকিং করে মুন্সিগঞ্জ সদর এলাকায় অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

