ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিট শিল্প পল্লী পরিদর্শনে এসে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও তা অজুহাত হিসেবে ব্যবহার করে বাসভাড়া কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কঠোর নজরদারিতে থাকতে হবে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার চিত্তরঞ্জন কটন মিল প্রাঙ্গণে গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেনসিভ শিল্প কারখানার পরিবর্তে কম জ্বালানি নির্ভর (লেস ফুয়েল ইন্টেনসিভ) শিল্প স্থাপনে গুরুত্ব দেওয়া উচিত। এতে উৎপাদন ব্যয় কমবে এবং শিল্প খাত আরও টেকসই হবে।
তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনের পর ব্যক্তিখাতের শিল্প কারখানাগুলোতে সরবরাহ দেওয়া হয়। ফলে শুধু জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে—এমনটি পুরোপুরি সঠিক নয়। বৈশ্বিক বাজারে রপ্তানির মন্দাভাবও এ ক্ষেত্রে বড় প্রভাবক হিসেবে কাজ করছে।
বিটিএমসির শিল্প প্লট নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোট প্লটগুলোর মধ্যে দুটি প্লটে ইতোমধ্যে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখল সমস্যা রয়েছে। এসব জটিলতা দ্রুত সমাধান করে প্রতিটি প্লটে বিনিয়োগ নিশ্চিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালি কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বিরসহ সংশ্লিষ্টরা।

