ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলায় নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের দক্ষতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’।
বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার মোহা. আব্দুল হাফিজ।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা অংশগ্রহণ করেন। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, আইনগত বাধ্যবাধকতা এবং নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার ও বিবাহ নিবন্ধকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য যাচাই-বাছাই এবং আইন মেনে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।

