ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। হামলার সময় এলাকাজুড়ে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ঘটনাস্থল থেকে আল জাজিরার এক সংবাদদাতা জানান, বিস্ফোরণের শব্দ শোনার পরপরই সেখানে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ শুরু হয়। ধারণা করা হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে প্রতিহত করার চেষ্টা করছিল।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরাকের কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।

