অনুশীলনের পর হঠাৎ লুটিয়ে পড়েন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। পরে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বেলজিয়ামের সাবেক এই ফুটবলার।
এক বিবৃতি বায়ার্ন মিউনিখ জানিয়েছে, ক্লাবের দ্বিতীয় দলের অনুশীলন দেখতে এসেছিলেন ভিনসেন্ট। সেখানে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেশকিছু পরীক্ষা-নীরিক্ষার মধ্য দিয়ে যেতে হবে তাকে। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। এই সময়ে দলের অনুশীলন ও ম্যাচসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন কোচিং স্টাফের অন্য সদস্যরা।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে তিনি পা ও নিতম্ব ব্যথার কথা জানিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল, ভাইরাসজনিত অসুস্থতার কারণে এমনটা হতে পারে।
বায়ার্নের সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অংশ নেন ভিনসেন্ট কোম্পানির জায়গায়। তিনি বলেন, ‘এটি শুধু ভাইরাসজনিত সমস্যা। চিকিৎসক ও বিশেষজ্ঞরা এ বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন।’
কোম্পানিকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়ার কথা জানিয়ে ড্যাঙ্কস আরও বলেন, ‘আমরা তাকে বিশ্রাম নিতে বলেছি। যত দিন প্রয়োজন, তাকে তত দিন সময় নিতে হবে। সেটা এক দিন, দুই দিন নাকি তিন দিন এই মুহূর্তে আমি জানি না। তবে কোম্পানিকে বিশ্রামে রাখা বেশ কঠিন।’
লাইপজিগের বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকলেও কোম্পানিকে বেশ নিস্তেজ দেখাচ্ছিল। শনিবার তিনি বেশির ভাগ সময় বসেই কাটান। বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল জানান, সিঁড়ি দিয়ে ওঠার সময় কোম্পানিকে সহায়তা করতে হয়েছিল। ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

