নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর এক কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন দাবি করার অভিযোগে রাশেদ আহম্মেদ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসও রোডের মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমানের নিয়ন্ত্রণাধীন ডিপো থেকে সংসদ সদস্যের পিএসের ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন দেওয়ার দাবি করে আসছিলেন রাশেদ আহম্মেদ। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি লিটার ১৪৫ টাকা হিসেবে ৫০০ লিটার অকটেনের মূল্য দাঁড়ায় ৭২ হাজার ৫০০ টাকা।
অভিযোগে বলা হয়, বিনামূল্যে জ্বালানি তেল দিতে অপারগতা প্রকাশ করায় রাশেদ ওই কর্মকর্তার ওপর বিভিন্ন সময় চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করেন।
এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১টার দিকে রাশেদ অনধিকারভাবে গোদনাইল মেঘনা ডিপোর ওই কর্মকর্তার অফিসকক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি পুনরায় ৫০০ লিটার অকটেন বিনামূল্যে সরবরাহের জন্য চাপ দেন। এতে কর্মকর্তা রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি হুমকি দেওয়া এবং চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলার পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাশেদ আহম্মেদকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাশেদকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

