দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করে জনসম্পদে রূপান্তরের ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনীতির গতিশীলতা বাড়াতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রচলিত ও গতানুগতিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর সোবহানবাগে ‘দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে দক্ষ কারিগরি জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন দেশে কর্মরত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের আরও উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা দিয়ে বিদেশে পাঠানো গেলে কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রবাহও বাড়বে।
এহছানুল হক মিলন বলেন, শুধু বিদেশে কর্মসংস্থানের জন্য নয়, দেশের অভ্যন্তরেও শিল্প, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন খাতে দক্ষ কারিগরি জনশক্তির প্রয়োজন রয়েছে। তাই শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও কর্মদক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
কারিগরি শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি আধুনিক ও মডেল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য পৃথক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগও নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষাকে শুধু একটি বিকল্প শিক্ষাধারা হিসেবে দেখলে হবে না; ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের চাহিদা, দেশীয় শিল্পের প্রয়োজন এবং আন্তর্জাতিক শ্রমবাজারের সুযোগ বিবেচনায় নিয়ে কারিগরি শিক্ষার পাঠ্যক্রম ও প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিকায়ন করা প্রয়োজন।
জাতীয় সংলাপে কারিগরি শিক্ষার বর্তমান পরিস্থিতি, দক্ষ জনশক্তি তৈরির সম্ভাবনা, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে টিভিইটির ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মো. তরিকুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্য দেন।

