নেপালের সাধারণ নির্বাচনে ভোট গণনা এখনও চলছে, তবে প্রাথমিক ফলাফলে চমক সৃষ্টি করে বড় ব্যবধানে এগিয়ে আছেন র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ। যিনি ‘বালেন’ নামে দেশজুড়ে পরিচিত এবং গত জানুয়ারি পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। শনিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, শাহের নেতৃত্বাধীন মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সরাসরি নির্বাচিত ১৬৫টি আসনের দুই-তৃতীয়াংশেরও বেশি জায়গায় এগিয়ে আছে। বিবিসি নেপালির তথ্যমতে, এই অভাবনীয় সাফল্যের ফলে ৩৫ বছর বয়সী এই নেতার নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
ভোটের লড়াইয়ে বর্তমানে নেপালি কংগ্রেস দ্বিতীয় এবং সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলির দল ইউএমএল তৃতীয় অবস্থানে রয়েছে। বালেন্দ্র শাহ স্বয়ং প্রতিদ্বন্দ্বিতা করছেন কেপি ওলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ঝাপা-৫ আসনে, যেখানে তিনি ওলিকে বড় ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে আছেন। অবকাঠামো প্রকৌশলী হিসেবে প্রশিক্ষিত বালেন নেপালের হিপ-হপ জগতে একজন প্রতিষ্ঠিত তারকা। গত বছর বেকারত্ব, দুর্নীতি ও অর্থনৈতিক স্থবিরতার বিরুদ্ধে তরুণদের যে গণবিক্ষোভ নেপালকে উত্তাল করেছিল, সেখানে সক্রিয় সমর্থন দিয়ে তিনি দেশের নতুন প্রজন্মের কাছে আইকন হয়ে ওঠেন।
এবারের নির্বাচনে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে বড় অংশই ছিল তরুণ, যারা গত তিন দশকের পুরনো ও অস্থিতিশীল জোট সরকারের শাসনের পরিবর্তন চেয়েছে। বালেন শাহর এই উত্থানকে নেপালের রাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকম্প হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও মেয়র থাকাকালীন ফুটপাত উচ্ছেদ ও হকার দমনে কঠোর পুলিশি ব্যবস্থা নেওয়ার কারণে মানবাধিকার সংগঠনগুলো তার সমালোচনা করেছে, তবুও সাধারণ ভোটাররা তার নতুন নেতৃত্ব ও সুশাসনের প্রতিশ্রুতির ওপরই ভরসা রাখছেন। পাহাড়ি দুর্গম অঞ্চলের ভোট গণনার ধীরগতির কারণে চূড়ান্ত ফলাফল জানতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে যে এবার প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে এবং ২৭৫ সদস্যের পার্লামেন্টে সরাসরি ও আনুপাতিক উভয় পদ্ধতিতেই আরএসপি অভাবনীয় ফল করতে যাচ্ছে। কেপি ওলির মতো অভিজ্ঞ নেতারা পরাজয়ের শঙ্কায় থাকলেও তারা জয়ের আশা ছাড়ছেন না। অন্যদিকে বালেন্দ্র শাহ প্রচারণার সময় গণমাধ্যমকে এড়িয়ে চললেও তার সমর্থকরা উচ্ছ্বসিত। যদি শেষ পর্যন্ত বালেন শাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তবে এটি হবে নেপালের ইতিহাসে কয়েক দশকের পুরনো রাজনৈতিক ধারা ভেঙে এক নতুন যুগের সূচনা।

