ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।
আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, প্রণালিটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ এটি অতিক্রমের চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে।
আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান, তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালানো হবে এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেওয়া হবে না। তার দাবি, চলমান উত্তেজনার ফলে আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে।
গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে এই ঘোষণা এলো। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনার পর তেহরান প্রতিশোধের ঘোষণা দিয়েছে।

