ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলাতে ২৮ ফেব্রুয়ারী রোজ শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নার্স নিহত হয়েছেন। স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে মদনগঞ্জ–মদনপুর সড়কের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়।
স্বামীর ভাষ্য অনুযায়ী জানা গেছে, নিহত নারী নবাবগঞ্জ হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। ছুটি পেয়ে তিনি নারায়ণগঞ্জে কর্মরত স্বামীর কাছে বেড়াতে এসেছিলেন। তিনি আরো বলেন, আজ ই তার কর্মস্থল নবাবগঞ্জে ফিরে যাওয়ার কথা ছিল।তাই আজ তারা সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম নগরী ঘুরে বাসায় ফিরছিলেন। এ সময় নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভাঙাচোরা সড়কের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে স্ত্রী সড়কে ছিটকে পড়েন এবং পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, মদনগঞ্জ–মদনপুর সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বড় বড় গর্ত ও ভাঙা অংশে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে এ ধরনের মর্মান্তিক ঘটনা আরও ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

