ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্মআপ করছিলেন। দলের সঙ্গে মাঠে এসেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। বুকে ব্যথা অনুভব করার পর তিনি হুট করেই পড়ে যান। আশপাশ থেকে দ্রুতই ছুটে আসেন সবাই। তাকে ঘিরে তৈরি হয় জটলা।
তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। একটু পর জানা যায়, মাহবুব আলী আর নেই! মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তার মৃত্যুর খবরটি হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সিলেটের মাঠেই জানাযা অনুষ্ঠিত হয় তার।
শনিবার হার্ট অ্যাটাকের পর মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। দেশের ক্রিকেটে স্থানীয় এই কোচের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাকিকে শেষবার দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন পেসার শরিফুল ইসলাম।
কান্না ধরে রাখতে পারেননি মুশফিকুর রহিমও। কোচ তালহা জুবায়ের, হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন, রাজিন সালেহরা বেদনাবিধুর নয়নে তাকিয়ে ছিলেন জাকিরের মরদেহের দিকে। ঢাকা অধিনায়ক মিঠুন অবশ্য অনেক কষ্টে নিজের আবেগকে সংবরণ করেছেন। ঢাকার প্রধান কোচ টবি র্যাডফোর্ড। তিনি আসার আগ পর্যন্ত প্রস্তুতি দেখভাল করেছেন মাহবুব।

