ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা মামলায় প্রধান আসামি রফিকুল ইসলাম সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার ভাই মাহফুজুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম সবুজ পলাতক ছিলেন। তবে তার ভাই মাহফুজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।
মামলার নথি সূত্রে জানা যায়, নিহত হেকমত আলী রূপগঞ্জের কালাদি এলাকার মৃত কদম আলীর ছেলে। তিনি ভুলতা নুর ম্যানশন মার্কেটে ‘হাসান এন্টারপ্রাইজ’ নামে মোটর পার্টসের দোকানের মালিক ছিলেন।
২০২০ সালের ৪ এপ্রিল থেকে তিনি নিখোঁজ হন। পরে ১৪ এপ্রিল তার স্ত্রী রোকসানা বেগম রফিকুল ইসলাম সবুজ, মাহফুজুর রহমান, মামুন মিয়া ও তাদের বাবা ইয়াকুব মোল্লাকে আসামি করে অপহরণ ও গুমের অভিযোগে মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর রফিকুল ইসলাম সবুজ জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে একটি ড্রামের ভেতরে রাখা হয় এবং সিমেন্ট দিয়ে ঢালাই করে সেটি বন্ধ করে মাছের খামারে ফেলে দেওয়া হয়। ঘটনার প্রায় তিন মাস পর লাশ উদ্ধার করা হয়।
আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন।

