ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ফার্মগেট মোড়ে গানটা বাজছে; সুরটা চেনা, ‘দুষ্টু কোকিল’। তবে গানের কথা বদলে গেছে, ‘আছেন যাঁরা আশেপাশে/নির্বাচনেরই আবেশে।’ দুষ্টু কোকিলের সুরে জুড়ে দেওয়া হয়েছে প্রার্থীর গুণকীর্তন।
গত তিন দিন ঢাকার শাহবাগ, কারওয়ান বাজার, আগারগাঁও, মহাখালী, খিলক্ষেতসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যবহৃত বেশির ভাগ গানের সুরই নকল।
‘মরার কোকিলে’, ‘বুক চিন চিন করছে’, ‘টিকাটুলীর মোড়ে একটা হল রয়েছে’, ‘আম্মাজান’, ‘খাইরুন লো’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’, ‘বিয়াইন সাব’, ‘দেওরা’, ‘নয়া দামান’, ‘দুষ্টু কোকিল’, ‘লাগে উরাধুরা’, ‘ও বন্ধু লাল গোলাপী’র মতো জনপ্রিয় গানের সুরে ভোটের গান বেশি শোনা যাচ্ছে।
খিলক্ষেতে ভ্রাম্যমাণ প্রচার মাইকে বাজছে, ‘আইলো সংসদ নির্বাচন/শোনেন, সকল ভোটারগণ।’ সুরটা ‘বুক চিন চিন করছে’ গান থেকে নেওয়া; আলী আকরাম শুভর সুরে বাস্তব সিনেমায় মূল গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী।
‘মরার কোকিলে’, ‘বুক চিন চিন করছে’, ‘টিকাটুলীর মোড়ে একটা হল রয়েছে’, ‘আম্মাজান’, ‘খাইরুন লো’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’, ‘বিয়াইন সাব’, ‘দেওরা’, ‘নয়া দামান’, ‘দুষ্টু কোকিল’, ‘লাগে উরাধুরা’, ‘ও বন্ধু লাল গোলাপী’র মতো জনপ্রিয় গানের সুরে ভোটের গান বেশি শোনা যাচ্ছে।
একইভাবে আইয়ুব বাচ্চু, খালিদ হাসান মিলু, কনকচাঁপা, বেবী নাজনীন, মমতাজ, আসিফ, মিলা, কনা, প্রীতম হাসানের মতো শিল্পীদের জনপ্রিয় গানের সুরে নানা কথা বসিয়ে নির্বাচনী গান তৈরি করিয়েছেন প্রার্থীরা।
সংগীত বিশ্লেষকেরা বলছেন, ভোটারদের মন গলাতে দশকের পর দশক ধরেই গানের ব্যবহার দেখা গেছে। তবে প্রযুক্তির প্রসারের ফলে পাঁচ-সাত বছর ধরে ভোটের গান বেড়েছে।
ভোটের গানের কারখানা
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মগবাজার, বিজয়নগর ও উত্তরার বেশ কয়েকটি স্টুডিওতে নির্বাচনী গান রেকর্ড করা হচ্ছে। এর মধ্যে উত্তরার রায়হান রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছে দুই শতাধিক গান।
স্টুডিওটির কর্ণধার রায়হান মিয়া প্রথম আলোকে জানান, ‘বুক চিন চিন করছে’, ‘নয়া দামান’, ‘লাগে উরাধুরা’সহ প্রার্থীদের পছন্দের যেকোনো গানের সুরের ওপর ভোটের গান করছেন তাঁরা।
তিনি বলেন, ‘আমরা প্রার্থীকে ডেমো (নমুনা) পাঠিয়ে বলি, কোন সুরে গান চাইছেন? প্রার্থীর পছন্দের সুরের ওপর গান লিখে ফেলি। সঙ্গে সঙ্গে শিল্পীদের দিয়ে গান রেকর্ড করি।’
আমরা প্রার্থীকে ডেমো (নমুনা) পাঠিয়ে বলি, কোন সুরে গান চাইছেন? প্রার্থীর পছন্দের সুরের ওপর গান লিখে ফেলি। সঙ্গে সঙ্গে শিল্পীদের দিয়ে গান রেকর্ড করি।
রায়হান মিয়া, রায়হান রেকর্ডিং স্টুডিও
প্রযুক্তির সহজলভ্যতার কারণে ঢাকার বাইরেও রেকর্ডিং স্টুডিও ছড়িয়ে পড়েছে। চাঁদপুরের রাজ অ্যাড মিডিয়ায় দিন-রাত মিলিয়ে তিন শিফটে ভোটের গান তৈরি হচ্ছে।
গানের সংখ্যা নিয়ে প্রশ্ন করলে স্টুডিওটির কর্ণধার রাব্বী রাজ প্রথম আলোকে জানান, প্রার্থীরা তো ১টা গান করেন না, অনেক প্রার্থীর জন্য ১০–১২টার বেশি গান করা হয়। প্রচারের জন্য শুভাকাঙ্ক্ষী ও কর্মীরা এসব গান প্রার্থীকে ‘উপহার’ দেন। সব মিলিয়ে দেড় মাসে রেকর্ড হয়েছে প্রায় আড়াই হাজার গান। বেশির ভাগ গানের কথা প্রায় একই রকম। শুধু প্রার্থীর নাম, প্রতীক ও আসনের নাম আলাদা।
রাব্বী রাজ জানান, ‘মরার কোকিলে’, ‘বুক চিন চিন করছে’, ‘টিকাটুলীর মোড়ে একটা হল রয়েছে’, ‘আম্মাজান’, ‘খাইরুন লো’সহ বেশ কয়েকটি গানের সুরে বেশি গান করছেন তাঁরা।
এই গানগুলোর সুরের প্রতি কেন এত আগ্রহ? জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো জনপ্রিয় গান। এই গানগুলোর সুরের সঙ্গে ভোটাররা সহজেই কানেক্ট করতে পারে। ফলে ক্লায়েন্টদের চাহিদা বেশি থাকে।’
আমরা লিরিকের ওপর ভয়েস দিই। ভয়েসটা অটো এডিট হয়ে যায়। একটা গান করতে আমাদের সময় লাগে পাঁচ মিনিট।
রাব্বী রাজ, রাজ অ্যাড মিডিয়া
এক গান করতে লাগে পাঁচ মিনিট
কীভাবে গান তৈরি হয়, তার ধারণাও দিলেন রাব্বী, ‘অনেকে মৌলিক গান পাঠিয়ে বলেন, এটাকে নির্বাচনী গানে রূপান্তর করে দেন। গানের সুর, তাল একই থাকবে, শুধু কথাটা নির্বাচনী করে দেন। আমরা লিরিকের ওপর ভয়েস দিই। ভয়েসটা অটো এডিট হয়ে যায়। একটা গান করতে আমাদের সময় লাগে পাঁচ মিনিট।’
গানে কণ্ঠ দেওয়ার জন্য রাজ অ্যাড মিডিয়া ও রায়হান রেকর্ডিং স্টুডিওতে বেশ কয়েকজন অপেশাদার শিল্পী রয়েছেন।
শিল্পীদের বাইরে এআই দিয়েও গান তৈরি হচ্ছে। উত্তরার রায়হান রেকর্ডিং স্টুডিওর কর্ণধার রায়হান মিয়া জানান, তাঁর স্টুডিওতে রেকর্ড করা দুই শতাধিক গানের মধ্যে ৩০টির মতো গান এআইয়ে তৈরি। এই নির্বাচনেই প্রথমবারের মতো এআইয়ে গান বাঁধছেন তাঁরা।
এআইয়ে কীভাবে গান তৈরি হয়? রায়হান মিয়ার ভাষ্য, ‘লিরিক লিখে এআইকে দিলেই গান করে দেবে। একটা গান চারটা ভার্সনে করে, সেখান থেকে যেই ভার্সনের উচ্চারণটা ভালো, সেটা ক্লায়েন্টকে দিই।’

