ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নাহার চেস একাডেমি আয়োজিত ‘এনসিএ ১ম আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা’য় আজ (৪ ফেব্রুয়ারি ২০২৬) বুধবার সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে তৌহিদুল ইসলাম শিলু (রেটিং ১৯৭৫)। নারায়ণগঞ্জের সাবেক জেলা চ্যাম্পিয়ন শিলু নয় খেলায় সাড়ে সাত পয়েন্ট সংগ্রহ করে এ কৃতিত্ব অর্জন করেছে।
একই গ্রুপে রানার আপ হয়েছে আরেক সাবেক জেলা চ্যাম্পিয়ন সৈয়দ মনিরুল হক (রেটিং ১৮৮৭)। তাঁর সংগ্রহ ৭ পয়েন্ট। প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে সাবেক জেলা চ্যাম্পিয়ন মোঃ মোকসেদ খান তৃতীয় এবং মোঃ নাদিম মিয়া চতুর্থ হন।
অপরদিকে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জেলা জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির নুসরাত হাসান নাবা (রেটিং ১৫২৬)। নাবার সংগৃহীত পয়েন্ট সাড়ে চার। সমান তিন পয়েন্ট পেয়ে ট্রাইবেকিং এ রানার আপ ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের আহনাফ সাফিন আহনাফ (রেটিং ১৭৩৬) ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের মোঃ রাহিব রহমান (রেটিং ১৫৬১)।
নারায়ণগঞ্জ জেলার পাঁচজন সিনিয়র দাবাড়ু এবং নাহার চেস একাডেমির শীর্ষ পাঁচ ক্ষুদে দাবাড়ু সহ মোট দশজন প্রতিযোগী নয় রাউন্ড রবীনলীগ পদ্ধতিতে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু।
খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির দাবাকক্ষে প্রতিযোগিতাটি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

