ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর। কিছুদিন ধরেই বিটাউনের তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার সেই জল্পনা রূপ নিচ্ছে বাস্তবে।
দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপ থেকে শুরু করে ডিনার ডেট কিংবা আম্বানিদের হাইপ্রোফাইল পার্টি সবখানেই এই জুটিকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায়।
তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক অনুরাগী বিয়ের প্রশ্ন করলে তিনি সোজাসাপ্টা উত্তরে জানান, ‘আমি বিয়ে করছি।’ এরপর থেকেই ভক্তদের মাঝে শুরু হয় তাদের বিয়ে নিয়ে আলোচনা।
শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পরিচিত মুখ। তবে ক্যামেরার সামনে নয়, তার ক্যারিশমা ক্যামেরার পেছনে। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো হিট সিনেমার সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে।
উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় বিয়ে। আদ্যোপান্ত ট্র্যাডিশনাল কায়দায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হবে এই যুগলের।

