জাতীয় নগরনীতির খসড়া প্রস্তাব অনুমোদন উপদেষ্টা পরিষদে
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জাতীয় নগরনীতি-২০২৫ এর খসড়া প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আইন রহিতকরণ অধ্যাদেশ-২০২৫-এর খসড়া ও নীতিগত চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি শ্রম আইন রিভিউ করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, বাংলাদেশের মোট জনসংখ্যার ৩৩ শতাংশের মতো নগরে থাকে। কিন্তু জিডিপিতে তাদের অবদান ৬২ শতাংশের বেশি। তারা কীভাবে আরও উন্নত জীবনযাত্রা বজায় রাখতে পারেন (নগরের বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো) সেজন্য জাতীয় নগরনীতি প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাবটি গৃহীত হয়। সরকারি তথ্য অনুযায়ী, দেশে ৫৩২টি আরবান সেন্টার রয়েছে। এর মধ্যে ছোট-বড় শহর এবং জেলা ও নগর রয়েছে।
এনআইডি আইন রহিতকরণ অধ্যাদেশ বাতিল
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আইন রহিতকরণ অধ্যাদেশ-২০২৫-এর খসড়া ও নীতিগত চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে প্রেস সচিব বলেন, কিছুদিন আগে ন্যাশনাল ডাটা অথরিটি গঠনের প্রস্তাব এসেছিল। বিশ্বে সাধারণত একটি ন্যাশনাল অথরিটি এই ডেটা দেখভাল করে, তবে বাংলাদেশের ক্ষেত্রে এ দায়িত্বই পালন করছেন ইলেকশন কমিশন।
তিনি বলেন, যেহেতু নির্বাচন খুব কাছে তাই আগের প্রস্তাবিত সেপারেট এনআইডি অধ্যাদেশ রহিত করা হয়েছে। নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা যাতে ইলেকশন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে, এ জন্য এ সংক্রান্ত পৃথক অধ্যাদেশ জারি ও রহিত করা হয়েছে। কারণ আমরা চাচ্ছি যে, ইলেকশনের প্রসেসটা যেন কোনোভাবেই ডিজরাপটেড না হয়। কোনোভাবেই নতুন কোনো এক্সপেরিমেন্টেশন যাতে এটাকে প্রভাবিত না করে এবং প্রস্তুতিটা যাতে মসৃণ থাকে।
শ্রম আইন রিভিউ করতে কমিটি গঠন
শ্রম আইন রিভিউ করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কিছুদিন আগে বাংলাদেশ শ্রম আইন হয়েছে। শ্রম আইনের কিছু কিছু বিষয়ে অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো পুনঃপর্যালোচনা (রিভিউ) করার জন্য কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে কারা রয়েছেন খুব শীঘ্রই তা জানানো হবে। কমিটি খুব দ্রুত শ্রম আইনটি আবার রিভিউ করবে। কোথাও কোনো অসংগতি রয়েছে কি না তা খতিয়ে দেখার পর উপদেষ্টা পরিষদের কাছে একটি প্রতিবেদন জমা দেবে কমিটি।
জুলাই আন্দোলনের শহীদ বেওয়ারিশ ৮ জন শনাক্ত
জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ হওয়ার পর রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা মরদেহের পরিচয় শনাক্তে বড় অগ্রগতি হয়েছে। কবরস্থানটি থেকে উত্তোলন করা ১১৮টি মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘রায়েরবাজার কবরস্থানে অনেককে সমাহিত করা হয়েছিল। সেখান থেকে উত্তোলিত মরদেহগুলোর মধ্যে আটজনকে সফলভাবে শনাক্ত (আইডেন্টিফাই) করা হয়েছে। তাদের পরিবারকেও বিষয়টি ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।’ এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুব শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে তিনি জানান।
১৫ জানুয়ারি মধ্যে সবাই বই পাবে
রাষ্ট্রীয় শোকের কারণে উৎসব হয়নি, ১৫ জানুয়ারির মধ্যে সবাই বই পাবে। নতুন বছরের প্রথম দিনে সারা দেশে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে মোট চাহিদার ৮৩ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে এবং আগামী ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকার এবার অনেক আগে থেকেই পাঠ্যপুস্তক যাতে সময় মতো ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া যায় সে নিয়ে কাজ শুরু করেছিল এবং এ বিষয়ে অনেকাংশে সরকার সফল হয়েছে। আজকে ১ জানুয়ারিতে শিক্ষাবর্ষের চাহিদাকৃত প্রাথমিক এবং প্রাথমিক স্তরের ৩০ কোটি ২ লক্ষ ৫ হাজার ১০৪টি পাঠ্যপুস্তকের মধ্যে ২৪ কোটি ৫৯ লাখ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে, যা মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ। এর মধ্যে প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য প্রস্তুতকৃত বইগুলো শতভাগ, ইবতেদায়ি মাদ্রাসার ৯৫ শতাংশ, নবম এবং দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ৮৬ শতাংশ, ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ৮২ শতাংশ এবং ব্রেইল পদ্ধতির ৭৭ শতাংশ বই নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।’
আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘সপ্তম শ্রেণির ৬৩ শতাংশ এবং অষ্টম শ্রেণির ৫২ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বছরের প্রথম দিনে। এই বছর যথেষ্ট সময় নিয়ে কাজ শুরু করার পরেও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক প্রস্তুতিতে কিছুটা সময় লেগেছে। প্রথম দিনে এই সময় লাগার কারণে এই দুই শ্রেণির পাঠ্যপুস্তক হয়তো শিক্ষার্থীদের কাছে এখনো সবগুলো পুরোপুরি পৌঁছানো সম্ভব হয়নি। তবে ডিসেম্বরের ২৮ তারিখেই সবগুলো পাঠ্যপুস্তকের পিডিএফ কপি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বিশ্বের যেকোনো স্থান থেকে যে কেউ এই পুস্তক প্রিন্ট আউট নিয়ে পড়তে সক্ষম হবেন।’
ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও পুনর্নিয়োগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও একদিনের ব্যবধানে আবারও নিয়োগ পাওয়ার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই পুরো প্রক্রিয়াটি ছিল নিছক একটি ‘টেকনিক্যাল’ বিষয়। উনার (ডা. সায়েদুর রহমান) প্রথম নিয়োগটি ছিল লিয়েনে। তিনি একটি নির্দিষ্ট কর্মস্থলে কর্মরত ছিলেন এবং সেখান থেকে লিয়েন গ্রহণ করে বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন। বর্তমানে উনার নিয়মিত চাকরির অবসরের সময় হয়ে এসেছে। নিয়ম অনুযায়ী লিয়েনে থাকাকালীন অবসর গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। ফলে ডা. সায়েদুর রহমানকে প্রথমে পদত্যাগ করে আগের কর্মস্থলে ফিরে যেতে হয়েছে। সেখানে গিয়ে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করার পর তাকে আবারও নতুন করে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।
এর আগে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডা. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন এই নিয়োগের মাধ্যমে তাকে মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতাও প্রদান করা হয়েছে।
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল ২৫ শতাংশ। কাস্টমস ডিউটি এখন দিতে হবে ১০ শতাংশ। যারা মোবাইল ফোন এখানে (দেশে) ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টমস যেটা আগে ১০ শতাংশ ছিল সেটা ৫ শতাংশ করা হচ্ছে। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে। বাংলাদেশের মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে আরও অনেকে ইন্টারেস্টেড হবেন।
তিনি বলেন, বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউস মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিপাবলিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন। সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হন। আশা করা হচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে। মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল আমদানি ক্ষেত্রে ৬১.৮০ শতাংশ। এখন এটা কমে আসবে ৪৩ দশমিক ৪৩ শতাংশ।
অন্তর্বর্তী সরকার একটা ভালো নির্বাচন করবে
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা আশা করছি, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার একটা ভালো নির্বাচন আয়োজন করতে পারবে। ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে। ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনসিভ, সবই। আমরা মনে করছি যে, এটা একটা এবং শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না গণভোটেও এবং আমরা মনে করছি খুবই রেকর্ড পরিমাণ টার্নআউট থাকবে। সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার সিকিউরিটি অবশ্যই নেওয়া হচ্ছে।
প্রেস সচিব বলেন, একটা ভালো খবর হচ্ছে যে, আপনারা দেখেছেন যে ২৯ ডিসেম্বর ছিল নমিনেশন ফাইলিং এর লাস্ট ডেট। নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের, কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই। কোনো সংঘর্ষ, কোনো সহিংসতা দেখি নাই। নমিনেশন যে খুব কম পড়েছে তাও না। প্রতি কনস্টিটিয়েন্সি অনুযায়ী গড় আট জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। আর ৫০টার বেশি রাজনৈতিক দল তাদের প্রার্থী দিয়েছে ইলেকশনে। বড় একটা বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালট, বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট চালু হয়েছে কালকে পর্যন্ত ৭ লাখ বাংলাদেশি ডায়াসপোরা ভাই-বোন এখানে লিস্টেড হয়েছেন।

