ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ যুক্তরাষ্ট্রের সিয়াটলে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দু’টি ম্যাচকে বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয় সিয়াটল প্রাইড ম্যাচ অ্যাডভাইজরি কমিটি। এ দু’টি ম্যাচে এলজিবিটিকিউ+প্রাইড উদযাপন আয়োজন করবে সিয়াটলের আয়োজক কর্তৃপক্ষ। গত ৫ই ডিসেম্বরের ড্র ও পরদিন ম্যাচের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর দেখা যায়, ২৬ জুন সিয়াটলের লুমেন ফিল্ডে পড়েছে মিশর-ইরান ম্যাচ। ইরানে সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। মিশরে এমন কিছু না থাকলেও, এ বিষয়ে কঠোর শাস্তি আরোপের দৃষ্টান্ত আছে। কাকতালীয় এ ঘটনার পর তুমুল আপত্তি জানিয়েছে দু’দেশ। ইতিমধ্যে ফিফাকে চিঠি দিয়েছে মিশর ও ইরান।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ‘জি’ গ্রুপে মিশর ও ইরানের সঙ্গী বেলজিয়াম এবং নিউজিল্যান্ড। এই গ্রুপের শেষ ম্যাচে লুমেন ফিল্ডে মিশর-ইরান ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৬শে জুন। সময়সূচি ঠিক করার পর যখন দেশ দু’টি যখন জানতে পারে যে একই সময়ে সেখানে সমকামিতার পক্ষে প্রচারণা এবং উৎসব চলবে, এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় তাদের ফুটবল ফেডারেশন। মিশর নিজেদের চিঠিতে সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের জন্য আয়োজিত প্রাইড উদযাপন বাতিল করতে বলেছে ফিফাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইজিপ্ট ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) জানায়, আগামী জুনে ইরানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচটিতে এলজিবিটিকিউ+প্রাইড সম্পর্কিত সমস্ত কার্যক্রম বাতিলের জন্য ফিফার কাছে আহ্বান জানানো হয়েছে। ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমকে দেয়া এক চিঠিতে মিশর লেখে, ‘ম্যাচ চলাকালীন এলজিবিটিকিউ সমর্থিত যেকোনো কার্যক্রমকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে’ তারা। এমনকি এমন আয়োজন সমর্থকদের মধ্যে ‘সাংস্কৃতিক ও ধর্মীয় সংবেদনশীলতা উসকে দিতে পারে’ বলে ধারণা তাদের। ফিফা বিধিমালার অনুচ্ছেদ-৪-এ ফিফা প্রতিযোগিতায় রাজনৈতিক ও সামাজিক বিষয়ে নিরপেক্ষতার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরতে এ বিধিমালার বিষয়টি উল্লেখ করে ইএফএ।
একই বিষয়ে বিবৃতি প্রকাশ করে ফুটবল ফেডারেশন ইসলামিক রিপাবলিক অব ইরানও (এফএফআইআরআই)। ফেডারেশনটির প্রধান মেহদি তাজ এমন আয়োজনকে ‘একটি অযৌক্তিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, এ বিষয়ে ফিফার কাছে আপিল করবে তেহরান।
এলজিবিটিকিউ+প্রাইড উৎসবের সিদ্ধান্তটি সিয়াটলের স্থানীয় আয়োজক কর্তৃপক্ষের। এ বিষয়ে ফিফার কোনো এখতিয়ার নেই। আসন্ন বিশ্বকাপে লুমেন ফিল্ডে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে গ্রুপপর্বে চারটি, ‘রাউন্ড অব থার্টি টু’ ও ‘রাউন্ড অব সিক্সটিন’-এর দু’টি ম্যাচ। সেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ১৯শে জুন পালিত হবে জুনটিনথ দিবস। দাসপ্রথার বিলুপ্তি হিসেবে এটি যুক্তরাষ্ট্রে প্রতিবছরই পালিত হয়ে আসছে। ২৬ জুন কোনো দিবস না থাকলেও, ২৮ জুন এলজিবিটিকিউ অধিকার আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বলে কাছেই থাকা ম্যাচডেতে এ সংক্রান্ত আয়োজনের সিদ্ধান্ত নেয় স্থানীয় আয়োজকরা। এখন দু’দেশের এমন তুমুল আপত্তির পর ফিফা কী পদক্ষেপ নেবে, তা সময়ই বলে দেবে।

