উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের ক্লাবগুলোর জন্য রাতটা ছিল হতাশার। মঙ্গলবার রাতে মাঠে নেমে জয়ের দেখা পায়নি আর্সেনাল, ম্যানচেস্টার সিটি এবং অ্যাস্টন ভিলা। নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। অন্যদিকে নাপোলির বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-২ সমতা নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। তুরস্কের ক্লাব গ্যালাতাসারের কাছে ১-০ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা।
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের সামনে সুযোগ ছিল জয়ের ধারায় ফেরার। কিন্তু প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি মিকেল আর্তেতার দল। অন্যদিকে ইত্তিহাদ স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থেকেও নাপোলির বিপক্ষে স্বস্তিতে ছিল না সিটি। শেষ দিকে রায়ান শেরকির গোলে হার এড়ালেও জয় পাওয়া হয়নি তাদের।
ডর্টমুন্ডের বিপক্ষে আবারও পয়েন্ট হারাল আর্সেনাল
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটের মধ্যেই দারুণ এক গোলে আর্সেনালকে এগিয়ে দেন ভিক্টর গিয়োকেরেস। প্রায় ২৫ গজ দূর থেকে তার নেওয়া শট জালে জড়ায়। ঘরের মাঠে ২০৬ দিন পর প্রথম গোল পেলেন এই ফরোয়ার্ড। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
তবে দ্বিতীয়ার্ধে আর ব্যবধান ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান ম্যাক্সিমিলিয়ান বায়ার। এরপর জোবে বেলিংহ্যামের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
ম্যাচের শেষ দিকে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনাল। ছয় গজ দূর থেকে ফাঁকায় দাঁড়িয়ে হেড করেও লক্ষ্যভেদ করতে পারেননি গিয়োকেরেস। অন্যদিকে সেরহু গিরাসির গায়ে লেগে বল দুবার আর্সেনালের পোস্টে আঘাত করে। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ডেকলান রাইসের শটও পোস্টে লাগে।
এর ফলে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের অবস্থান থেকে পয়েন্ট হারাল আর্সেনাল। এর আগে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষেও এগিয়ে থেকে জয় ধরে রাখতে পারেনি তারা। ডর্টমুন্ডের বিপক্ষে ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগের ৩৬ দলের লিগ পর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দলটি। বুধবারের ম্যাচগুলোর ফল তাদের পক্ষে না গেলে সেরা আটের বাইরে চলে যাওয়ার শঙ্কাও আছে।
শেরকির গোলে হার এড়াল ম্যানচেস্টার সিটি
নাপোলির বিপক্ষে ইত্তিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির। তবে সেই আধিপত্য থেকে কার্যকর আক্রমণ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের শুরুতে এলিয়ট অ্যান্ডারসনের একটি শট ঠেকান নাপোলির গোলরক্ষক ভাঞ্জা মিলিনকোভিচ-সাভিচ। এরপর সিটির আক্রমণে সৃজনশীলতার অভাব ও গতির ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।
অন্যদিকে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে নাপোলি। প্রথমার্ধের শেষ দিকে স্যাম বেউকেমার হেড দারুণভাবে ঠেকান সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। বিরতির পরও সিটির খেলায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি।
৫৫ মিনিটে এগিয়ে যায় নাপোলি। বিলি গিলমোরের পাস পেয়ে সিটির ডিফেন্ডার মার্ক গেহিকে কাটিয়ে নিচু শটে গোল করেন রাসমাস হইলুন্দ। তবে ৬৭ মিনিটে জেরেমি ডোকুর পাস থেকে আয়ুব বুয়াদ্দি গোল করে সিটিকে সমতায় ফেরান।
কিন্তু সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। লিওনার্দো স্পিনাজ্জোলার ক্রস থেকে জোরালো ভলিতে নাপোলিকে আবারও এগিয়ে দেন নোয়া ল্যাং। ইংল্যান্ডের মাটিতে প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইতালিয়ান ক্লাবটি।
শেষ দিকে বদলি হিসেবে নামা ইলিমান এনদিয়ায়ের পাস পেয়ে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন রায়ান শেরকি। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে তার গোলে ২-২ সমতায় ফেরে সিটি। শেষ মুহূর্তে জয়সূচক গোলের জন্য আক্রমণে যায় তারা। তবে যোগ করা সময়ের শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি ইস্তভান কোভাচ। তখনও আক্রমণ সাজাচ্ছিল সিটি। সময় শেষ হয়নি বলে প্রতিবাদ জানালেও লাভ হয়নি। স্কোরবোর্ডের সময়ের সঙ্গে রেফারির ঘড়ির হিসাবে পার্থক্য ছিল, তবে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল।
গ্যালাতাসারের কাছে হারলো অ্যাস্টন ভিলা
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন ম্যাচে জয় পেয়ে বেশ ভালোভাবেই এগিয়েছিল অ্যাস্টন ভিলা। কিন্তু এবার নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো তারা। এবার তুরস্কের ক্লাব গ্যালাতাসারের কাছে ১-০ গোলে হেরে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে নেমে গেছে উনাই এমেরির দল।
মঙ্গলবার রাতে ম্যাচের ৭৭তম মিনিটে গ্যালাতাসারের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ডেনিজ গুল। আগের ম্যাচে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
তিন দলেরই সেরা আটের বাইরে যাওয়ার শঙ্কায়
নাপোলির সঙ্গে ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে পঞ্চম স্থানে আর্সেনাল। তবে বুধবারের ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করছে দুই দলের অবস্থান। ফল নিজেদের পক্ষে না এলে সেরা আটের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে তাদের।
অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে নেমে গেছে অ্যাস্টন ভিলা। এরই মধ্যে সেরা আটের বাইরে। প্লে-অফ খেলার জায়গায় চলে গেছে। সেরা আটে থাকতে হলে পরের ম্যাচগুলো খেলতে হবে তাদেরকে।
চ্যাম্পিয়নস লিগে লিগ পর্বের শীর্ষ আট দল সরাসরি পরের পর্বে জায়গা পাবে। তাই শেষ পর্যন্ত সেরা আটে থাকার লড়াইয়ে আর্সেনাল, সিটি ও অ্যাস্টন ভিলা- তিন দলকেই এখন পয়েন্ট হারানোর খেসারত দিতে হতে পারে।

