ইরান যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের গুপ্ত বা গোপন বিজয়ী হয়ে উঠেছে ওমান। তেল-গ্যাসের বিশাল ভাণ্ডার না থাকলেও দেশটির ভৌগোলিক অবস্থানই এখন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে প্রতিবেশী দেশগুলো চাপে পড়েছে। কিন্তু ভারত মহাসাগরের তীরবর্তী বন্দরগুলো দিয়ে নির্বিঘ্নে জ্বালানি রপ্তানি করছে ওমান।
উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর মধ্যে ওমানের অর্থনীতি এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। চলতি বছর দেশটির প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। বিপরীতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের প্রবৃদ্ধি মাত্র ০ দশমিক ২ শতাংশ হতে পারে। এ ছাড়া সৌদি আরবের অর্থনীতি ৩ দশমিক ৩ শতাংশ এবং কাতারের অর্থনীতি ১৪ দশমিক ৫ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ওমানের অর্থনীতি ও ব্যবসা পরামর্শক প্রতিষ্ঠান ‘দ্য ফার্ম’-এর কর্মকর্তা আদহাম আল সাইদ মনে করেন, এটি কেবল সৌভাগ্য নয়, বরং ভালো প্রস্তুতিরও ফল। সাম্প্রতিক বছরগুলোতে ওমান সরকার আর্থিক সংস্কারের মাধ্যমে বাজেট ঘাটতি কাটিয়ে উদ্বৃত্ত তৈরি করেছে। ২০২০ সালে যেখানে সরকারি ঋণ ছিল জিডিপির ৬৮ শতাংশ, চলতি বছর তা কমে প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে।
পাশাপাশি, বন্দর ও সড়ক অবকাঠামোতে বড় বিনিয়োগ করেছে ওমান। এখন উপসাগরীয় অন্যান্য দেশগুলোর পণ্য আমদানির গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এসব বন্দর। গত আগস্ট পর্যন্ত এক বছরে ওমানের বন্দরগুলোতে জাহাজ চলাচল ২৮ শতাংশ বেড়েছে।
দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সবুজ হাইড্রোজেন, ইস্পাত ও পেট্রোকেমিক্যাল কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনকি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি মহাকাশবন্দর তৈরির কাজও চলছে।
লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার ঝুঁকিতে থাকা বাব-আল-মান্দেব প্রণালির বাইরে ওমানের অবস্থান দেশটির সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো ওমানের দুকম তেল টার্মিনাল পর্যন্ত নতুন পাইপলাইন নির্মাণের কথা ভাবছে।
এ ছাড়া ওমানের সোহার বন্দর থেকে আমিরাতের রাজধানী আবুধাবি পর্যন্ত পণ্য ও যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য ‘হাফিত রেল’ প্রকল্পের কাজ চলছে। ২০২৭ সালের শেষ দিকে এর পরীক্ষামূলক চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। ২০৩০ সালের মধ্যে এটি উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি দেশকেই রেল নেটওয়ার্কে যুক্ত করবে।
কূটনৈতিক ভারসাম্য ও ঝুঁকি
ওমানিরা মনে করেন, তাদের রাজনৈতিক নিরপেক্ষতা আঞ্চলিক যুদ্ধের ভয়াবহ পরিণতি থেকে দেশটিকে রক্ষা করেছে। ওমান মার্কিন বাহিনীকে বন্দর ব্যবহারের সুযোগ দিলেও দেশে কোনো বড় বিদেশি সামরিক ঘাঁটি রাখেনি। আবার ইরানের সঙ্গেও দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই অবস্থান ওমানকে যুক্তরাষ্ট্র, ইরান ও হুথিদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে।
তবে নিরপেক্ষতা মানেই পূর্ণ নিরাপত্তা নয়। চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ওমানেও আঘাত হেনেছিল। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ অন্যান্য উপসাগরীয় দেশের তুলনায় কম ছিল।
অর্থনৈতিক সাফল্যের আড়ালে ওমানের সামনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে দেশটির জ্বালানিবহির্ভূত খাতের প্রবৃদ্ধি গত বছরের ৩ দশমিক ১ শতাংশ থেকে কমে এ বছর ১ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। পর্যটন খাতে আয় কমেছে এবং দীর্ঘমেয়াদি অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে।
ড. আল সাইদ সতর্ক করে বলেন, এখানে কেউই প্রকৃত বিজয়ী নয়। দীর্ঘমেয়াদি ক্ষতির বিনিময়ে স্বল্পমেয়াদি লাভ কারও জন্যই মঙ্গলজনক হতে পারে না।
ইরানের প্রতি ওমানের নমনীয় মনোভাব এবং হরমুজ প্রণালি নিয়ে অস্পষ্ট অবস্থান প্রতিবেশী আরব দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। ইরান এই প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও টোল আদায়ের অধিকার দাবি করছে, যা আরব দেশ ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। ওমান সামুদ্রিক সেবার বিনিময়ে ‘স্বেচ্ছামূলক’ অর্থ প্রদানের যে প্রস্তাব দিয়েছে, তা কারও মনঃপূত হয়নি।
বর্তমানে মার্কিন বাহিনীর আংশিক সুরক্ষায় কিছু জাহাজ ওমানের জলসীমা দিয়ে ইরানিদের এড়িয়ে চলার চেষ্টা করছে। তবুও কিছু জাহাজ হামলার শিকার হচ্ছে এবং এর দায়ভার ওমানকেই সামলাতে হচ্ছে। গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালানো হবে। ফলে ওমান এখনো পুরোপুরি বিপদমুক্ত নয়।
সূত্র: দ্য ইকোনমিস্ট

