সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত পোস্ট করার অভিযোগে বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা হয়েছে। হিমাচল প্রদেশের শিমলার বয়লেগঞ্জ থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, কঙ্গনার পোস্টে উসকানিমূলক বক্তব্য রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।
গত ১৩ নভেম্বর শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এফআইআরটি করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) ও ৩৫৬(২) ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাও যুক্ত করা হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হবে।
অভিযোগকারীর দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার দুই ছেলে সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে উসকানিমূলক ইঙ্গিত করা হয়েছে। একই পোস্টে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। তাকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে উল্লেখ করা হয়েছিল বলেও দাবি করেছেন অতুল শর্মা।
মূলত আশির দশকের একটি পুরোনো পারিবারিক ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কঙ্গনার ওই পোস্ট সামনে আসে। ভিডিওটিতে ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং শিশু রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের পরও গান্ধী পরিবারকে ঘিরে আলোচনা চলছে।
ওই ভিডিও নিয়ে নিজের পোস্টে কঙ্গনা মানেকা গান্ধীর প্রতি ইন্দিরা গান্ধীর আচরণ এবং গান্ধী পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। একই সঙ্গে সোনিয়া গান্ধীর রাজনৈতিক উত্থান, রাজীব গান্ধীর সঙ্গে তার পরিচয় এবং সঞ্জয় গান্ধীর মৃত্যুর প্রসঙ্গও টানেন তিনি। পোস্টে এসব ঘটনা নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন এই অভিনেত্রী ও সংসদ সদস্য।
অভিযোগকারী অতুল শর্মার দাবি, কঙ্গনার বক্তব্য কেবল রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এ ধরনের পোস্ট সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার মনোভাব তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কারণ হতে পারে। তার অভিযোগ, পোস্টে বিভ্রান্তিকর তথ্যও ছড়ানো হয়েছে, যা মানুষের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা তৈরি করতে পারে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে ইমেইলের মাধ্যমে রাজ্য পুলিশের মহাপরিদর্শকের কাছে অভিযোগপত্র পাঠিয়েছিলেন অতুল শর্মা। সেখানে কঙ্গনার পোস্টের বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়েরের পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে সাইবার ফরেনসিক তদন্তের আবেদন জানান তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। এখন কঙ্গনার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং অভিযোগে উল্লিখিত বক্তব্যগুলো খতিয়ে দেখা হবে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

