কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনাসদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও আটজন।
দেশটির দক্ষিণ বলিভার প্রদেশের সান্তা রোসা পৌরসভায় এ হামলার ঘটনা ঘটে। কলম্বীয় সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিস্ফোরক বহনে সক্ষম করে পরিবর্তন করা ড্রোন ব্যবহার করে সামরিক স্থাপনা ও সেনা ব্যারাকে এ হামলা চালানো হয়।
হামলার পরপরই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সঙ্গে ক্ষয়ক্ষতি এবং হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে কাজ শুরু করেন সেনাসদস্যরা।
এ ঘটনায় আরও কয়েকজন সামরিক সদস্য আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার তীব্র নিন্দা জানিয়েছে কলম্বীয় সেনাবাহিনী। তাদের ভাষায়, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।
সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন সাধারণ মানুষের প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবন বিপন্ন করতে পারে—এমন হামলার আগাম তথ্য দিতে জনগণকে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানাতে দেশটির নাগরিকদের সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

